অস্ট্রেলিয়ায় তৃতীয় ওয়ানডেতে ভয়ঙ্কর চোট শ্রেয়স আইয়ারের, আইসিইউতে ভর্তি ভারতীয় তারকা

Spread the love

অস্ট্রেলিয়ার মাটিতে চলমান ওয়ানডে সিরিজে ভয়ঙ্কর এক ঘটনায় আতঙ্ক ছড়াল ভারতীয় ক্রিকেট শিবিরে। সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই গুরুতর চোট পান টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। ম্যাচের মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি, মুখের যন্ত্রণার ছাপেই বোঝা যাচ্ছিল ঘটনা কতটা ভয়াবহ।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে। অ্যালেক্স কেরি-র একটি শট শর্ট থার্ডম্যানের দিক থেকে উড়ে যায় পিছনের দিকে। বল ধরতে পিছন দিকে দৌড়তে গিয়ে ভারসাম্য হারিয়ে কোমরের দিক দিয়ে মাটিতে জোরে আছড়ে পড়েন শ্রেয়স। মুহূর্তেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠে দ্রুত ছুটে আসেন ফিজিও কমলেশ জৈন। তাঁর সাহায্যে কোনওরকমে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মাঠ ছাড়েন শ্রেয়স। সেই সময় গোটা স্টেডিয়াম জুড়ে নেমে আসে নিস্তব্ধতা।

এরপর তাঁকে তড়িঘড়ি সিডনির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, শ্রেয়সের পাঁজরের বাঁদিকের নিচের অংশে আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসকেরা তাঁর প্লীহায় (spleen) আঘাতের আশঙ্কা করছেন। রাতেই তাঁকে আইসিইউ’তে স্থানান্তরিত করা হয় পর্যবেক্ষণের জন্য।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল হলেও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা জানিয়েছেন, পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে না আসে, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

এদিকে, শ্রেয়সের পরিবারের সদস্যদেরও অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভিসা এবং ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, শ্রেয়সের বোন এবং পরিবারের আরেকজনকে সিডনি পাঠানো হবে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, “শ্রেয়সের পরিবারের জন্য সমস্ত কাগজপত্র তৈরি রাখা হচ্ছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করার সময় শ্রেয়স আইয়ার বাঁদিকের পাঁজরের নিচের অংশে আঘাত পান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষায় প্লীহায় আঘাত ধরা পড়েছে। তিনি চিকিৎসাধীন এবং বর্তমানে স্থিতিশীল।”

শ্রেয়স আইয়ার ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। দীর্ঘ চোটের পর সম্প্রতি দলে ফিরেছিলেন তিনি। এই ঘটনায় আবারও তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ল টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মধ্যে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *