বাংলায় বিধানসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এক দফায় ভোট করানোর পক্ষে। তাদের দাবি, প্রয়োজনীয় আধাসেনা পাওয়া গেলে একদিনে ভোট করাতে সমস্যা নেই। বরং এক দফায় ভোট হলে হিংসা কম হওয়ার সম্ভাবনাও আছে।
কিন্তু জাতীয় নির্বাচন কমিশন চায় তিন বা চার দফায় ভোট। কমিশনের যুক্তি, এক দফায় ভোট হলে সব বুথে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন হবে। এতে আইনশৃঙ্খলার সমস্যা বাড়তে পারে।
এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভা ভোট হয়েছিল, যা নিয়ে বিতর্ক হয়েছিল। অতীতে অবশ্য বাংলায় এক দফায় ভোটও হয়েছে। শেষবার ১৯৯৬ সালে এক দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল।
এবার কত দফায় ভোট হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।


