ভোটমুখী বাংলায় ফের রেলের বড় ঘোষণা। শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, জানুয়ারিতেই এই নতুন ট্রেনের উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি থাকার সম্ভাবনাও জোরালো।
রেলের দাবি, এই ট্রেন চালু হলে শিয়ালদহ থেকে কাশী যাত্রা হবে অনেকটাই সহজ ও স্বল্প খরচের। সাধারণ ও মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই অমৃত ভারত এক্সপ্রেসের পরিকল্পনা। আধুনিক কোচ, উন্নত বসার ব্যবস্থা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিয়ালদহ–বারাণসী রুটে নতুন এই ট্রেন চালু হলে ধর্মীয় পর্যটনের পাশাপাশি ব্যবসা ও শিক্ষা সংক্রান্ত যাত্রাতেও সুবিধা হবে। পূর্ব ভারত ও উত্তর ভারতের যোগাযোগ আরও মজবুত হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা ভোটের আগে বাংলার জন্য এই ট্রেন ঘোষণার আলাদা গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে পরিকাঠামো উন্নয়ন ও রেল যোগাযোগের বার্তা দিতেই এই উদ্যোগ বলে মত ওয়াকিবহাল মহলের।


