প্রয়াত হলেন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক ও মোহনবাগানের প্রাক্তন সভাপতি-সচিব স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে টুটু বোস নামেই পরিচিত ছিলেন। বুধবার তাঁর মরদেহ পৌঁছয় মোহনবাগান ক্লাবে। প্রিয় টুটুবাবুকে শেষবারের মতো দেখতে ভিড় জমান অসংখ্য সমর্থক, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। ক্লাব চত্বরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
টুটু বোসের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব, প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু (টুটু বসু)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা।”
এদিন সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপের ম্যাচেও টুটু বোসকে শ্রদ্ধা জানানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে মোহনবাগান বনাম টাউন ক্লাব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।
শ্রদ্ধা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “টুটুদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। উনি কেবল ক্রীড়াপ্রেমী ছিলেন না, মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। ওঁর অবদান কোনওদিন ভোলা যাবে না।”
এছাড়াও উপস্থিত ছিলেন বিমান বসু, মুনমুন সেন, রাইমা সেন, স্বপন দাশগুপ্ত এবং প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য বলেন, “টুটুবাবু যেভাবে আন্তরিকতার সঙ্গে মোহনবাগানের সেবা করেছেন, তা চিরকাল মনে থাকবে।”


