সীমান্ত খুলে দেওয়ার মন্তব্যে ফের বিতর্কে দিলীপ ঘোষ

Spread the love

রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফের ভূমিকা নিয়েও দায় এড়াতে পারে না—এমন মন্তব্য করে আগেই তুমুল বিতর্ক তৈরি করেছিলেন বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতা দিলীপ ঘোষ। এবার সেই বিতর্কের আগুনে আরও ঘৃতাহুতি। স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে যোগ দিয়ে তিনি খোলাখুলিই বলেন, যাঁরা বাংলাদেশে ফিরে যেতে চান, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক।

অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে কাঠগড়ায় তুলে দিলীপ ঘোষের বক্তব্য, “দায়ভার উভয় পক্ষেরই। পুলিশ–বিএসএফ পয়সার জন্য এসব করে, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়।” তাঁর এই মন্তব্য এসআইআর-ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

এর পরেই পানিহাটির সভায় সাংবাদিকরা বাংলাদেশে ফেরার জন্য সীমান্ত এলাকায় ভিড় সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে দিলীপ ঘোষ বলেন, “যদি কেউ বাংলাদেশ যেতে চায়, বর্ডার খুলে দেওয়া হোক। ১৯৪৭-৪৮ সালে এদেশে আসার জন্য বাংলাদেশ বর্ডার খুলেছিল। এবার শোধবোধ হয়ে যাক। যারা বাংলাদেশ যেতে চাইছে, যেতে দিন। লোক হালকা হোক। সঙ্গে মাফিয়া, গুন্ডা, চোর-ডাকাতও ওদেশে চলে যাক।”

তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে তীব্র বিতর্ক। সীমান্ত ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমন বক্তব্য বিজেপি অন্দরের কিছু অংশকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *