কালীঘাটে পুজো দিতে গিয়েই বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার, কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানে উত্তেজনা

Spread the love

শহরে পা রাখার পর থেকেই বিক্ষোভের মুখে পড়ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতের পর সোমবার সকালেও সেই ছবিই দেখা গেল। এদিন সকালে কালীঘাট মন্দির-এ পুজো দিতে গিয়ে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়লেন তিনি।

মন্দিরে পৌঁছতেই একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ শুরু করেন। ‘গো ব্যাক’ স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। পুজো সেরে মন্দির থেকে বেরনোর সময়ও পরিস্থিতি শান্ত হয়নি। বরং আরও জোরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ফলে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ।

তবে বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি জ্ঞানেশ কুমার। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মা কালী সবার ভালো করুন, ভাল রাখুন।”

উল্লেখ্য, এসআইআর ইস্যুকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার আবহেই রবিবার রাতে কলকাতায় পৌঁছেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ নামার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিমানবন্দর চত্বরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান।

এরপর কৈখালিভিআইপি রোড-সহ একাধিক জায়গায় কালো পতাকা দেখানো হয় তাঁকে। এমনকি রাজারহাট-এ যে হোটেলে তিনি রয়েছেন, সেখানেও বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে।

এদিকে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের কর্মসূচি অত্যন্ত ব্যস্ত। সকাল ১০টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসবে। তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার

এছাড়াও সিইও, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, মুখ্যসচিব, ডিজিপি-সহ রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কমিশনের। পাশাপাশি সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও আলোচনায় বসবে ফুল বেঞ্চ। মূলত ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাই এই বৈঠকের প্রধান বিষয় বলে জানা গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *