যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে ৪ নম্বর গেট সংলগ্ন ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
অনামিকার বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রহস্যের সূত্র লুকিয়ে রয়েছে ঝিলপাড়ের বাথরুমেই। কারণ, ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় যেকোনও প্রবেশ বা বেরোনোর দৃশ্য ধরা পড়ে। তদন্তকারীরা এখন খুঁজছেন, কেউ বাথরুমে ঢুকে থেকে বেরোননি কি না।
ঘটনার দিন সিসিটিভি ফুটেজে অন্তত ৪০ জনকে দেখা গিয়েছে। তাঁদের সকলকেই পুজোর আগে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা দাবি করেছেন, অনামিকাকে চিনতেন না। পাশাপাশি, অনামিকার পার্স ও চশমার খোঁজে ফের ডুবুরি নামানো হতে পারে ঝিলে।


