বলিপাড়ায় গত দু’দিন ধরে জোর জল্পনা চলছিল মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য সম্পর্কে ভাঙন নিয়ে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেরাই বিচ্ছেদের কথা স্বীকার করলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে মৌনি ও সুরজ লেখেন, “আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মহলের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা জানাতে চাই, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দ্যপূর্ণভাবে সামলানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।”
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মৌনি ও সুরজ। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত বিষয়। একসঙ্গে বিদেশ সফর, পার্টি কিংবা বিশেষ মুহূর্তের ছবি নিয়মিত ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। তাই আচমকা বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের।
তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি কেউই। আপাতত মিডিয়া ও অনুরাগীদের কাছে ব্যক্তিগত পরিসর বজায় রাখার আবেদন জানিয়েছেন দু’জনেই।


