Mandhana on Mardaani: প্রতিটি মেয়ের সুরক্ষা জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত, রানির মর্দানি থ্রি-র ট্রেলারে গর্জে উঠলেন স্মৃতি! দেশের সুরক্ষা নিয়ে তুললেন প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা:
এক…দুই…তিন…চার…এভাবেই হিন্দিতে কর গুনছে এক শিশু। এভাবেই শুরু হচ্ছে রানি মুখার্জি অভিনীত মর্দানি – ৩ (Mardaani 3)-এর ট্রেলার। এই সিনেমায় দেখানো হয়েছে, নাবালিকা এবং কিশোরীদের নিয়ে এক বিরাট চক্রের গল্প। যে জাল কাটতে বদ্ধপরিকর আইপিএস শিবানী শিবাজী রায় অর্থাৎ রানি মুখার্জি। শুক্রবার এই ট্রেলারে ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্দনা। খুব তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ভিডিওটি শেয়ার করে ছত্রে ছত্রে এমন কিছু কথা মান্দনা লিখেছেন, যা ইঙ্গিতপূর্ণ। স্মৃতি লিখেছেন, “একটা তরুণ মেয়ের জীবনের কোনও মূল্য হয় না। মেয়েদের অনেককিছু সহ্য করতে হয়, অনেককিছু দেখতে হয়। প্রতিটি শিশু কন্যাকে সুরক্ষা দেওয়া জাতীয় অগ্রাধিকার (National Priority) হওয়া উচিত। সমাজ মেয়েদের জন্য নিরাপদ হলে সামাজিক উন্নতি হবে, তাঁরা স্বপ্ন দেখবে, নিজের এবং পরিবার এবং দেশের জন্য জিতবে। মর্দানি থ্রির ট্রেলার দেখে এটাই বলার, আশা করি আমরা একটা সমাজ হিসেবে প্রতিটি মেয়েকে সুরক্ষিত রাখব। যে সমাজ মেয়েদের সঙ্গে সঠিক ব্যবহার করে না, সেটা সমাজই নয়।আসুন আমরা সবাই একসঙ্গে এই দেশটাকে সুরক্ষিত দেশ বানাই।”



