বলিউড থেকে ফুটবলের মাঠে! ডুরান্ড কাপে অভিষেক হতে পারে টাইগার শ্রফের

Spread the love

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এবার সাক্ষী থাকতে পারে এক ব্যতিক্রমী মুহূর্তের। বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ১৩৫তম ডুরান্ড কাপে মুম্বে এফসির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ফুটবলার হিসেবে তাঁর অভিষেক হতে পারে।

ক্লাব-ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে মুম্বে এফসির সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন টাইগার। দলের সঙ্গে তাল মিলিয়ে ফিটনেস ও বল ট্রেনিংয়েও অংশ নিচ্ছেন তিনি। আগামী ৩০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচ খেলতে শিলংয়ে যাবে মুম্বে এফসি। সেখানেই শেষ ম্যাচে টাইগারকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

টাইগার শ্রফের সঙ্গে মুম্বে এফসির সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪ সালে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তিনি। এরপর থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও যুক্ত রয়েছেন। উদ্যোক্তা আলি আহমেদের মালিকানাধীন এই ক্লাব অল্প সময়েই ভারতীয় ফুটবলে নিজেদের পরিচিতি তৈরি করেছে। মহারাষ্ট্র স্টেট ক্লাব লিগের প্রথম সংস্করণ জয়ের পর গত মরসুমে আই-লিগ ৩-এ তৃতীয় হয়ে প্রথমবারের মতো ডুরান্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করে মুম্বে এফসি।

ডুরান্ড কাপের গ্রুপ ‘ই’-তে মুম্বে এফসির প্রতিপক্ষ শিলং লাজং এফসি, নংকসেহ স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব এবং ল্যাংসনিং এফসি। তিনটি ম্যাচই হবে শিলংয়ে।

টাইগার যদি সত্যিই মাঠে নামেন, তবে ভারতীয় ফুটবলে বলিউড তারকাদের উপস্থিতির তালিকায় যোগ হবে আরও একটি নাম। এর আগে জন আব্রাহামের মালিকানাধীন নর্থইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপে সাফল্যের নজির গড়েছে।

১৮৮৮ সালে শিমলায় যাত্রা শুরু হয়েছিল ডুরান্ড কাপের। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হিসেবে এই টুর্নামেন্টের আলাদা মর্যাদা রয়েছে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব, আই-লিগের দল এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেই ঐতিহ্যবাহী মঞ্চেই এবার বলিউড তারকা টাইগার শ্রফকে দেখা যাবে কি না, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *