ফের একসঙ্গে ছুটিতে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি! সম্পর্কের কথা এখনও প্রকাশ্যে স্বীকার করেননি দু’জনের কেউই। কিন্তু তাঁদের একের পর এক মুহূর্ত যেন বারবার উসকে দিচ্ছে প্রেমের জল্পনা। এবার শহরের ব্যস্ততা থেকে দূরে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন চর্চিত এই জুটি।
ছুটির মুডে একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘একটা ছোট্ট ছুটির তো প্রয়োজন, তাই না?’ তবে কোথায় গিয়েছেন, তা খোলসা করেননি অভিনেত্রী। কিন্তু পোস্টের কিছু খুঁটিনাটি নজর এড়ায়নি নেটিজেনদের।
হাত ধরে কিংবা পাশাপাশি দাঁড়িয়ে কোনও ছবি নেই। তবু শ্রদ্ধার পোস্টে লাইব্রেরিতে রাহুলের বই পড়ার মুহূর্ত থেকে শুরু করে খাবার হাতে ধরে থাকার দৃশ্য—সবই যেন অন্য গল্প বলছে। আর তাতেই ফের শুরু হয়েছে নতুন জল্পনা।
এ অবশ্য প্রথমবার নয়। গত জুনেও সাধারণ দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দেখেছিলেন শ্রদ্ধা ও রাহুল। সিনেমা দেখতে দেখতে দু’জনের প্রাণখোলা হাসির একটি ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করেন এক দর্শক। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের অন্দরের খবর, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর শুটিংয়ের সময়ই নাকি রাহুল ও শ্রদ্ধার ঘনিষ্ঠতা বাড়ে। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দু’জন।
এর আগে একসঙ্গে ছবি পোস্ট করেও অনুরাগীদের নজর কেড়েছিলেন শ্রদ্ধা। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার’। সঙ্গে ছিল হাসিমুখ ও লাল হৃদয়ের ইমোজি। সেই পোস্ট ঘিরেও কম জলঘোলা হয়নি।
তাই প্রশ্ন একটাই—সম্পর্কের কথা মুখে না বললেও কি পোস্ট আর মুহূর্তের আড়ালেই প্রেমের গল্প লিখে চলেছেন শ্রদ্ধা-রাহুল? উত্তর অবশ্য এখনও অধরাই।


