বিশ্ব প্যারা আর্চারি সিরিজের তৃতীয় পর্যায়ে দুরন্ত ছন্দে ভারতের তারকা শীতল দেবী। মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে দেশের অন্তত একটি পদক নিশ্চিত করলেন বিশ্বচ্যাম্পিয়ন শীতল।
সোমবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয়—শীতল ও সারিতা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সারিতাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন শীতল। সোনার পদকের লড়াইয়ে এবার তাঁর প্রতিপক্ষ কাজাখস্তানের আইজাদা সেইদান।
তবে পদক জয়ের সুযোগ রয়েছে সারিতার সামনেও। ব্রোঞ্জের ম্যাচে চিনের ওয়াং হুইতিংয়ের বিরুদ্ধে নামবেন তিনি। ফলে মহিলাদের কম্পাউন্ড বিভাগ থেকেই ভারতের ঝুলিতে আসতে পারে জোড়া পদক।
এদিকে পুরুষদের কম্পাউন্ড বিভাগে ধাক্কা খেয়েছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তমান কুমার সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কেন সোয়াগুমিলাংয়ের কাছে ১৪৪-১৪৬ ব্যবধানে হেরে গিয়েছেন। ব্রোঞ্জের লড়াইয়ে ইরাকের আব্বাস কাধিমের মুখোমুখি হবেন তিনি।
W1 পুরুষ বিভাগেও ভারতের অভিযান শেষ। কোয়ার্টার ফাইনালে চেকিয়ার একাধিক প্যারালিম্পিক পদকজয়ী ডেভিড দ্রাহোনিনস্কির কাছে শুট-অফে ৫-৬ (৮-১০) ব্যবধানে হারেন আদিল মহম্মদ নাজির আনসারি। অন্যদিকে, চিনের শীর্ষবাছাই ইয়াং শুপেংয়ের কাছে ২-৬ ব্যবধানে হেরে যান নুরউদ্দিন।
তবে W1 মহিলা বিভাগে এখনও পদকের আশা জিইয়ে রেখেছেন ভারতের স্বাতী চৌধুরী। সেমিফাইনালে চিনের লিউ জিংয়ের কাছে ১-৭ ব্যবধানে হারলেও ব্রোঞ্জের ম্যাচে নামবেন দ্বিতীয় বাছাই স্বাতী।


