হাসপাতালে বাজ পড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা

Spread the love

চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। রবিবার বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলাকালীন সময়ে হাসপাতালের পিছনের দিকে হঠাৎই বিকট শব্দে বাজ পড়ে। সেই বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের তিনতলার ফিমেল জেনারেল ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুৎ লাইন। সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনার সময় ওয়ার্ডে থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। দ্রুত সমস্ত রোগীদের নিরাপদে ওয়ার্ড থেকে বের করে আনা হয়। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে তার আগেই হাসপাতালের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল জানান, ফিমেল ওয়ার্ডের কাছেই বাজ পড়ে, যার জেরে অক্সিজেন পাইপ ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। যাঁরা ওয়ার্ডে ভর্তি ছিলেন, তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের টেকনিক্যাল টিম ইতিমধ্যেই লাইন মেরামতির কাজ শুরু করেছে।

ঘটনার সময় ওয়ার্ডে উপস্থিত থাকা আয়া মহামায়া কুন্ডু বলেন, “বাজ পড়ার পর হঠাৎ বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। আমি চেঁচিয়ে সবাইকে ডাকি মেন সুইচ বন্ধ করতে। নিচ থেকে কর্মীরা দৌড়ে আসে, তারপর আগুন নেভানো হয়। সময়মতো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা হতে পারত।”

হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার দেবাশীষ বিশ্বাস জানান, বাজ পড়ে অক্সিজেন ও বিদ্যুৎ লাইনে আগুন লাগে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা খতিয়ে দেখছে তথ্য দপ্তর।

সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বজ্রপাতের জেরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রস্তুতির প্রশ্ন ফের একবার সামনে চলে এল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *