কেন্দ্রের নির্দেশিকাকে কার্যত অগ্রাহ্য করে সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়াকে বাধ্যতামূলক করল তামিলনাড়ু বিধানসভা। সোমবার মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের পেশ করা প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানেও শুরুতেই রাজ্য গান গাওয়ার নিয়ম চালু হল।
প্রস্তাব পেশের সময় বিজয় স্পষ্ট করে দেন, ভাষা ও সংস্কৃতির প্রশ্নে তামিলনাড়ু কোনও আপস করবে না। তাঁর কথায়, “তামিল শুধু একটি ভাষা নয়, আমাদের জীবনরেখা ও আবেগ।” ‘তামিল থাই ভাজথু’-কে প্রথম স্থান দেওয়া তামিলনাড়ুর অধিকার বলেও দাবি করেন তিনি।
বিজয়ের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিরোধী দল ডিএমকে এবং এআইডিএমকে। বিধানসভার স্পিকার জেসিডি প্রভাকর জানান, প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে এবং তা কার্যকর করার জন্য আর কোনও অনুমতির প্রয়োজন নেই।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় সরকারি অনুষ্ঠানে প্রথমে ‘বন্দে মাতরম’, এরপর জাতীয় সঙ্গীত ‘জনগণ মন’ এবং পরে রাজ্য গান বাজানোর কথা বলা হয়েছিল। রাজ্যগুলিকে ওই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও জানানো হয়।
তামিলনাড়ু বিধানসভার এই সিদ্ধান্তে কেন্দ্রের সঙ্গে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হল। ‘তামিল থাই ভাজথু’-কে ‘বন্দে মাতরম’-এর আগে স্থান দেওয়ার সিদ্ধান্ত ঘিরে এবার কেন্দ্র কী পদক্ষেপ নেয়, সেটাই নজরে।


