বিদেশে চোখের চিকিৎসায় হাই কোর্টের ‘না’, সোজা সুপ্রিম কোর্টে অভিষেক

Spread the love

বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এবার হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।

৫ অগস্ট অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্ট। আদালতের বক্তব্য ছিল, এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অভিষেক রাজি নন। অথচ ওই বোর্ডে তাঁর শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে চিকিৎসকদের মতামত পাওয়ার কথা ছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করতে পারত আদালত।

এর আগে ৩ অগস্ট সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টকে অভিষেকের আবেদন এক সপ্তাহের মধ্যে শুনতে বলেছিল। অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানিয়েছিলেন, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি পেতেই হাই কোর্টের আগের নির্দেশ সংশোধনের আবেদন করা হয়েছিল।

অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আইনি টানাপড়েনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর বিরুদ্ধে চলা একটি মামলাও। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে ২৭ এপ্রিল একটি জনসভায় বিরোধী দলের নেতা-কর্মীদের নিয়ে মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ৬ অক্টোবর পর্যন্ত অভিষেককে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে হাই কোর্ট। তবে তদন্তে সহযোগিতা এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্ত বহাল রয়েছে।

হাই কোর্টের বক্তব্য, তদন্ত চলাকালীন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে আদালত আগ্রহী নয়। কলকাতাতেই একাধিক নামী চক্ষু চিকিৎসা কেন্দ্র রয়েছে বলেও আদালত জানিয়েছিল। এবার সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে অভিষেক। ফলে তাঁর বিদেশযাত্রা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এখন শীর্ষ আদালতের দিকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *