মাধুরীর বিয়ের খবরে বন্ধুর কান্না! UPSC পড়ার সময়ের মজার কাণ্ড ফাঁস IAS তুকারাম মুন্ধের

Spread the love

UPSC পরীক্ষার প্রস্তুতি চলছে। রাত জেগে বই নিয়ে পড়াশোনা করছেন দুই বন্ধু। হঠাৎ এক সকালে বন্ধুকে এসে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন পঙ্কজ। ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গেলেন IAS অফিসার তুকারাম মুন্ধে। ভেবেছিলেন, নিশ্চয়ই কোনও ভয়ংকর ঘটনা ঘটেছে। কিন্তু আসল কারণ জানার পর তিনিও অবাক!

পুণের বালগন্ধর্ব রঙ্গমন্দিরে ‘Unstoppable Tukaram’ নামে এক অনুষ্ঠানে নিজের UPSC প্রস্তুতির দিনের এই মজার স্মৃতি শেয়ার করেন মহারাষ্ট্র FDA-র কমিশনার তুকারাম মুন্ধে। সময়টা ১৯৯৮-৯৯। দু’জনেই তখন UPSC Mains-এর প্রস্তুতিতে ব্যস্ত। রাত ২-৩টে পর্যন্ত পড়াশোনা, তারপর কয়েক ঘণ্টার ঘুম—এই ছিল রুটিন।

মুন্ধে জানান, একদিন সকাল ১০টা-সাড়ে ১০টা নাগাদ পড়াশোনায় ব্যস্ত ছিলেন তিনি। আচমকাই পিছন থেকে এসে তাঁর গলায় হাত দিয়ে কাঁদতে শুরু করেন পঙ্কজ। বন্ধুর এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন মুন্ধে। বারবার জিজ্ঞাসা করেও কোনও উত্তর পাচ্ছিলেন না।

শেষে পঙ্কজ জানতে চান, সেদিনের খবরের কাগজ পড়েছেন কি না। মুন্ধে কাগজ দেখেও কিছু বুঝতে পারেননি। এরপরই সামনে আসে আসল কারণ—“মাধুরী বিয়ে করে ফেলেছে!”

প্রথমে মুন্ধে বুঝতেই পারেননি। পরে পঙ্কজ জানান, তিনি বলছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কথা। ১৯৯৯ সালে হৃদরোগ বিশেষজ্ঞ ড. শ্রীরাম নেনেকে বিয়ে করেছিলেন মাধুরী। সেই সময় তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

বন্ধুর কান্নার আসল কারণ শুনে যেমন অবাক হয়েছিলেন মুন্ধে, তেমনই তাঁর এই স্মৃতিতে অনুষ্ঠানে হাসির রোল ওঠে।

তাঁর নিজের পছন্দের বলিউড তারকা কে ছিলেন, সেই প্রশ্নও ওঠে অনুষ্ঠানে। তবে উত্তর দিতে গিয়ে রসিকতা করে মুন্ধে বলেন, “এখন সেটা বলার সাহস নেই। আমার বিবাহিত জীবন ভালোই চলছে।” তাঁর এই মন্তব্যেও হাসিতে ফেটে পড়েন দর্শকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *