বাগুইআটির জনসভার আগে বরাহনগরে পদযাত্রা করে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত এই পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
পদযাত্রার সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে কার্যত কোনও শক্ত ব্যবস্থা নেওয়া হয়নি—শুধু সরু ফিতে দিয়ে মানুষ আটকানোর চেষ্টা চলছিল।
মমতার কথায়, বরাহনগরে পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, অন্তত চারটি জায়গায় নিজে হস্তক্ষেপ করে স্ট্যাম্পেড আটকাতে হয়েছে তাঁকে। এমনকি ভিড়ের মধ্যে পড়ে যাওয়া মহিলাদের নিজেই টেনে তুলেছেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এত বড় জমায়েতে কেন শক্ত ব্যারিকেড ব্যবহার করা হল না। তাঁর অভিযোগ, বিজেপির সভায় যেখানে বড় ব্যারিকেড দেওয়া হয়, সেখানে এই পদযাত্রায় ছিল ঢিলেঢালা নিরাপত্তা।
ভোটের আগে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকায় তাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর সাফ বক্তব্য, “একটা স্ট্যাম্পেড হয়ে গেলে তার দায় কে নিত?”
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।


