ফ্রি বাসে মহিলাদের ভিড়, মুখ্যমন্ত্রী সতীশনের নতুন সংকট! আন্দোলনে কেরলের বেসরকারি বাস মালিকরা

Spread the love

বাংলার পথেই হেঁটেছে কেরল। মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নবগঠিত কংগ্রেস সরকার। কিন্তু জনমুখী এই প্রকল্পই এবার নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি বাসে বিনামূল্যে পরিষেবার জেরে যাত্রী হারিয়ে ব্যাপক লোকসানের অভিযোগ তুলে আন্দোলনের পথে নামছেন বেসরকারি বাস মালিকরা।

কেরল সরকার ‘প্রিয়দর্শিনী বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প’-এর আওতায় রাজ্য পরিবহণ সংস্থা কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC)-এর বাসে মহিলাদের ও ট্রান্সজেন্ডারদের বিনামূল্যে যাত্রার সুযোগ দিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, এই প্রকল্প চালাতে প্রতি মাসে প্রায় ৭০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। বছরে যার পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।

তবে সরকারি বাসের সংখ্যা বেশি হওয়ায় অধিকাংশ মহিলা যাত্রী এখন সেখানেই যাতায়াত করছেন বলে অভিযোগ। ফলে যাত্রী কমে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। তাঁদের দাবি, সরকারের এই সিদ্ধান্তে তাঁদের ব্যবসা কার্যত ধাক্কা খেয়েছে।

এই পরিস্থিতিতে ২০ জুলাই থেকে রাজ্যের সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের আন্দোলনের ডাক দিয়েছে প্রাইভেট বাস অপারেটরস ফেডারেশন। সংগঠনের ঘোষণা অনুযায়ী, ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন দু’টি জেলার বাস মালিকেরা অবস্থান-বিক্ষোভে সামিল হবেন। ২৫ জুলাই বৃহত্তর কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। তাঁদের দাবি, সরকারের নীতির কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। মুখ্যমন্ত্রী সতীশনের দাবি, এই প্রকল্পের ফলে শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রে মহিলাদের সুযোগ আরও বাড়বে। তবে সেই জনকল্যাণমূলক উদ্যোগই এখন বেসরকারি পরিবহণ ব্যবস্থার অসন্তোষের কারণ হয়ে উঠেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *