সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে উরফি জাভেদ (Uorfi Javed)। দাবি করা হয়, অভিনেত্রী নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করেছেন। এমনকী নিজের নাম বদলে ‘রীতা ভরদ্বাজ’ রেখেছেন বলেও প্রচার করা হয়। তবে সেই সমস্ত জল্পনায় এবার নিজেই ইতি টানলেন উরফি।
সম্প্রতি মিতা চৌধরী নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ‘প্রাক্তন সাংবাদিক’ বলে পরিচয় দেন, একটি ভিডিওয় দাবি করেন যে, উরফি আগে মুসলিম ছিলেন, কিন্তু বর্তমানে হিন্দুধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেছেন। পাশাপাশি তাঁর মন্তব্য ছিল, বিতর্কিত পোশাকের জন্যই উরফি পরিচিতি পেয়েছেন, অন্য কোনও প্রতিভা নেই।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। এর জবাবে উরফি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লেখেন, “কীসব আজব লোক নিজেদের সাংবাদিক বলে দাবি করে! আন্টি, দয়া করে একটু পড়াশোনা করুন বা খোঁজখবর নিন। আমি কোনও দিনই আমার নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না। সমালোচনা করুন, কিন্তু মিথ্যে খবর ছড়াবেন না।”
উরফির এই মন্তব্যের পর পরিষ্কার হয়েছে, তিনি ধর্ম পরিবর্তন করেননি এবং নিজের নামও বদলাননি। বরং তিনি নিজেকে কোনও নির্দিষ্ট ধর্মের অনুসারী বলেই মনে করেন না।
প্রসঙ্গত, এর আগেও এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম পালন করেন না এবং নিজের জ্ঞান বাড়ানোর জন্য নিয়মিত গীতা পড়েন। একইসঙ্গে তিনি বলেছিলেন, “আমি কোনও দিন মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি নির্দিষ্ট কোনও ধর্মে বিশ্বাসী নই। আমার যাকে জীবনসঙ্গী হিসেবে ভালো লাগবে, তাকেই বিয়ে করব।”
সেই পুরনো সাক্ষাৎকারের বক্তব্য থেকেই সম্ভবত তাঁর ধর্মান্তর নিয়ে নতুন করে জল্পনা ছড়ায়। তবে এবার উরফির স্পষ্ট বক্তব্যে সেই বিতর্কের অবসান ঘটল।


