রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। সূত্রের খবর, একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হতে পারে, যার ফলে কার্যত পূর্ণাঙ্গ রূপ পাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা।
লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন। প্রশাসনিক সূত্রের দাবি, শপথের পরপরই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনও করে দেওয়া হতে পারে।
এবারের সম্প্রসারণে রাজনৈতিক সমীকরণের পাশাপাশি আঞ্চলিক ভারসাম্যের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা, উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক বিধায়কের নাম সম্ভাব্য মন্ত্রী তালিকায় ঘুরছে। তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়দের পাশাপাশি রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও অশোক দিন্দার মতো পরিচিত মুখদের নিয়েও জোর আলোচনা চলছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কয়েকজন নতুন বিধায়কও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যেও একাধিক নাম বিবেচনায় রয়েছে বলে সূত্রের দাবি।
অন্যদিকে, মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনিক মহলে জল্পনা, অর্থ দপ্তর নিজের কাছেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বও তাঁর হাতেই থাকতে পারে।
নতুন সরকারের প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সোমবারের এই সম্প্রসারণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর একটাই— শেষ মুহূর্তে চূড়ান্ত তালিকায় কারা জায়গা পান এবং কার হাতে যায় গুরুত্বপূর্ণ দপ্তর।
মন্ত্রিসভায় বড়সড় চমক! সোমবার শপথ নিতে পারেন ৩৫ নতুন মুখ, জল্পনায় তারকা থেকে হেভিওয়েট নেতারা


