স্বাক্ষর জালিয়াতি বিতর্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার বিকেলে চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়-এর বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশের সিআইডি দল। সূত্রের খবর, বিকেল প্রায় ৩টে নাগাদ গোয়েন্দারা তাঁর বাসভবনে যান।
জানা গিয়েছে, একটি নথিতে থাকা স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠার পরই শুরু হয় বিতর্ক। সেই সই আদৌ নয়না বন্দ্যোপাধ্যায়ের কি না, তা খতিয়ে দেখতে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।
বৃহস্পতিবারের অভিযানে সিআইডির ৬ সদস্যের একটি দল উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। সেই দলে ছিলেন হস্তাক্ষর বিশেষজ্ঞরাও। তদন্তকারীরা বিধায়কের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখেন বলে সূত্রের দাবি।
এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নয়না বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিআইডিও আনুষ্ঠানিক ভাবে মুখ খুলতে নারাজ।


