বাবা পেশায় কাঠমিস্ত্রি। সংসারে সচ্ছলতা নেই, কিন্তু মেয়ের চোখে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। মাত্র ১৪ বছর বয়সেই সেই স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে গেল অন্ধ্রপ্রদেশের দশম শ্রেণির ছাত্রী কান্দুলা জেসি। বিশ্বের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করে চাঁদকেন্দ্রিক এক আন্তর্জাতিক মহাকাশ মিশনের জন্য নির্বাচিত হয়েছে সে।
ছোট থেকেই জেসির স্বপ্ন ছিল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী হওয়া। মহাকাশ, চাঁদ এবং বিজ্ঞান নিয়ে তার আগ্রহই ধীরে ধীরে তাকে এই বিশেষ সুযোগের দিকে এগিয়ে দেয়।
বিশ্বের প্রথম শুধুমাত্র নারী পরিচালিত চন্দ্র-কেন্দ্রিক কিউবস্যাট মিশন ‘শক্তি-স্যাট’-এর জন্য ভারত থেকে নির্বাচিত ২০ জন পড়ুয়ার মধ্যে জায়গা করে নিয়েছে জেসি। মাত্র ১৪ বছর বয়সে এমন আন্তর্জাতিক মহাকাশ প্রকল্পের অংশ হওয়ার সুযোগ নিঃসন্দেহে তার জীবনের বড় মাইলস্টোন।
জেসির এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং সীমিত সুযোগের মধ্যেও বড় স্বপ্ন দেখা হাজার হাজার পড়ুয়ার কাছে অনুপ্রেরণা। বাবা কাঠমিস্ত্রি হলেও মেয়ের স্বপ্নের পরিধি যে মহাকাশ পর্যন্ত পৌঁছতে পারে, জেসির গল্প যেন তারই প্রমাণ।


