রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রোজেক্ট) মিড ডে মিল পরিবেশন শুরু করবে ইসকন। পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই এই দায়িত্ব পালন করবে সংস্থাটি। পাশাপাশি, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, এতদিন প্রাইমারি ও উচ্চ প্রাথমিক স্তরের মিড ডে মিল বরাদ্দে বৈষম্য ছিল। উচ্চ প্রাথমিক ও হাই স্কুলের পড়ুয়াদের জন্য যেখানে মাথাপিছু ১০ টাকা বরাদ্দ ছিল, সেখানে প্রাইমারিতে বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা। নতুন সিদ্ধান্তে প্রাথমিক স্তরেও মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ইসকন নিরামিষ ও পুষ্টিকর খাবার পরিবেশন করবে। অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মাধ্যমে পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়া হবে, যাতে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “ইসকন স্কুলগুলিতে শুদ্ধ ও প্রোটিনসমৃদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করবে। তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ পুষ্টিকর আহার পায়।”
প্রসঙ্গত, আগে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের সঙ্গে ডিম দেওয়া হত। পরে ইসকনকে রান্নার দায়িত্ব দেওয়ার পর নিরামিষ খাবার পরিবেশন শুরু হয়, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেই বিতর্কের মধ্যেই এবার নিরামিষ খাবারের পাশাপাশি আলাদা করে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।


