তাইপেই ওপেনের পর এবার Korea Masters Super 300-এও দুরন্ত ছন্দে তানভি শর্মা। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সতীর্থ শ্রিয়ানশি ভালিশেট্টিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ১৭ বছরের এই ভারতীয় শাটলার।
৫৭ মিনিটের লড়াইয়ে শ্রিয়ানশিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন তৃতীয় বাছাই তানভি। সম্প্রতি কেরিয়ার-সেরা ৩০ নম্বর বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠে আসা তানভির সামনে এবার রক্ষিতা শ্রী সন্তোষ রামরাজ।
জাপানের মানামি সুইজুকে ২২-২০, ২১-১০ হারিয়ে কোয়ার্টারে উঠেছেন রক্ষিতাও। ফলে শেষ আটে দুই ভারতীয়ের লড়াই নিশ্চিত।
মহিলাদের সিঙ্গলসে ভারতকে আরও একটি জয় এনে দিয়েছেন অশ্মিতা চালিহা। দক্ষিণ কোরিয়ার কিম মিন জিকে মাত্র ৩১ মিনিটে ২১-১৭, ২১-৬ হারিয়ে কোয়ার্টারে উঠেছেন তিনি। তবে পরের ম্যাচেই অশ্মিতার সামনে শীর্ষ বাছাই জাপানের হিনা আকেচি।
অন্যদিকে অনমোল খার্বের অভিযান শেষ হয়েছে ভিয়েতনামের ভু থি ট্রাংয়ের কাছে হেরে। মেন্স সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ও মিথুন মঞ্জুনাথ আগেই বিদায় নিয়েছেন।
মেন্স ডাবলসে কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রয় কোরিয়ার জুটিকে ২১-১৮, ২১-১৯ হারিয়ে কোয়ার্টারে উঠেছেন। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ মালয়েশিয়ার ম্যান ওয়েই চং ও সোহ উয়ি ইক।
তবে মিক্সড ডাবলস ও উইমেন্স ডাবলসে ভারতীয়দের অভিযান শেষ হয়ে গিয়েছে।


