আগামী সপ্তাহান্তে কিছুটা ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। দ্বিতীয় হুগলি সেতুতে কেবল ও বিয়ারিং বদলের কাজ চলায় শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতু। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার অর্থাৎ ১১ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার ১২ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। এই সময়ে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রাখতে চালু থাকবে বিকল্প রুট।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, “নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। সেতু বন্ধ থাকলেও বিকল্প পথে যান চলাচল সচল থাকবে।”
বিকল্প রুট হিসাবে এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড, কেপি রোড ও রেড রোডের অংশগুলি ব্যবহার করা যাবে। হাওড়া সেতু ও ভিক্টোরিয়া এলাকা ঘিরেও বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা থাকবে।
সেতু বন্ধের সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, আগেভাগে সময়সূচি দেখে রওনা হতে এবং প্রয়োজনে বিকল্প রুট বেছে নিতে।


