বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হাঁটার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ৭৫ বছর বয়সি এই প্রাক্তন উপরাষ্ট্রপতি। কয়েক মিনিট অচেতন থাকার পর নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সূত্রের খবর, প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চিকিৎসক দলের পাশাপাশি এইমসের এক চিকিৎসকও তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপর তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি রয়েছেন ধনখড়। হৃদরোগ বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। তবে ঠিক কী কারণে তিনি জ্ঞান হারিয়েছেন, তা এখনও জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
ধনখড়ের শারীরিক সমস্যা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। একই বছরের জুন মাসে নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মঞ্চেই জ্ঞান হারান তিনি। চলতি বছরের জানুয়ারিতেও নিজের বাড়িতে শৌচাগারে যাওয়ার পথে দু’বার অচেতন হয়ে পড়েছিলেন বলে জানা যায়।
২০২২ সালের অগস্টে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ২১ জুলাই তিনি পদত্যাগ করেন। ফের তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।


