২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট গঠনের পথ খোলসা করতে উদ্যোগী আইএসএফ। সেই লক্ষ্যেই শনিবার আলিমুদ্দিনে গিয়ে সিপিএম ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত ছাব্বিশের নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। যদিও এটি প্রাথমিক আলোচনা বলেই জানিয়েছেন নওশাদ। তাঁর কথায়, পরিস্থিতি অনুকূল হলে আগামী দিনে আসন সমঝোতা নিয়েও বিস্তারিত কথা হবে।
আইএসএফ চেয়ারম্যান জানান, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে কার্যকর লড়াই গড়তে বিরোধী শক্তিগুলির ঐক্য জরুরি। সেই কারণেই কংগ্রেস ও বাম নেতৃত্বের কাছে আগেই আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল। কংগ্রেসের তরফে কোনও উত্তর না এলেও সিপিএম ইতিবাচক সাড়া দেওয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নওশাদ স্পষ্ট করে বলেন, জোটের স্বার্থে আইএসএফ প্রয়োজন হলে ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। তবে জোট হলে তাঁদের প্রত্যাশা থাকবে সম্মানজনক আসন সমঝোতা। আইএসএফের দাবি, সেই আসন সংখ্যা অবশ্যই দুই অঙ্কের—অর্থাৎ দশটির বেশি হওয়া উচিত।
এই বৈঠকের মাধ্যমে ছাব্বিশের আগে বাম শিবির ও আইএসএফের মধ্যে জোট আলোচনা যে নতুন করে গতি পেল, তা স্পষ্ট।
ছাব্বিশে বামেদের সঙ্গে জোটেই অগ্রাধিকার আইএসএফের, আলিমুদ্দিনে সিপিএম নেতৃত্বের সঙ্গে বৈঠক নওশাদের


