মোদির ইজরায়েল সফরের পরই ইরানে হামলা, কংগ্রেসের বিস্ফোরক প্রশ্ন— “ভারত কার পাশে?”

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র সাম্প্রতিক ইজরায়েল সফরের পরই ইরানের উপর হামলার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সরব হল কংগ্রেস। মধ্যপ্রাচ্যে ভারতের দুই কৌশলগত অংশীদার— ইরান এবং ইজরায়েল—এর সংঘাতের আবহে সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী শিবির, “ভারত কার পক্ষে?”

কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রী মোদির ‘বন্ধু’ বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের উপর হামলা চালিয়েছেন, আর সেই হামলা হয়েছে মোদির সফর শেষ হওয়ার মাত্র দু’দিনের মধ্যে। তাঁর প্রশ্ন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে প্রকাশ্য কূটনৈতিক সক্রিয়তা দেখানো হলেও, ইজরায়েল সফরে গিয়ে দুই দেশের উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী কোনও উদ্যোগ নিলেন না কেন? তিনি কি এই সামরিক পদক্ষেপকে নীরব সমর্থন দিচ্ছেন?

শুধু বর্তমান নয়, অতীতও টেনে এনেছে কংগ্রেস। তাদের দাবি, ১৯৯৪ সালে রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুতে পশ্চিমি দেশগুলির প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে ভারতকে সমর্থন করেছিল ইরান। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে কংগ্রেসের অভিযোগ, আজ সেই পুরনো বন্ধুর সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ভারত। পশ্চিমি শক্তিগুলিকে সন্তুষ্ট করতে গিয়ে দেশের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে আপস করা হচ্ছে বলেও দাবি তাদের।

উল্লেখ্য, ২৫–২৬ ফেব্রুয়ারি ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন এবং ইজরায়েলের সংসদে ভাষণ দেন। তার পরই ইরানের উপর হামলা শুরু হওয়ায় ঘটনাক্রমকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। তবে এই ইস্যুতে এখনও কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *