‘মেরা বুথ, সবসে মজবুত’—শুধু স্লোগান নয়, এবার সেটাকেই অস্ত্র করলেন নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে বাংলার বুথ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে স্পষ্ট বার্তা দিলেন—বাংলার মাটিতে পরিবর্তনের হাওয়া বইছে।
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু হলেও, মোদির বক্তব্য দ্রুতই রাজনৈতিক তাপে গরম হয়ে ওঠে। তাঁর দাবি, বাংলার মানুষ এখন বদল চাইছে, আর সেই পরিবর্তনের ভিত গড়ছে বুথ স্তরের কর্মীরাই।
মোদির কথায়, তিনি বাংলার প্রতিটি প্রান্তে ঘুরে মানুষের মধ্যে এক অন্যরকম শক্তি দেখেছেন—আশা, ক্ষোভ আর পরিবর্তনের ইচ্ছা। আর সেই শক্তিকেই সংগঠিত করাই এখন প্রধান লক্ষ্য।
মা-বোনেদের নিরাপত্তা থেকে যুবকদের কর্মসংস্থান—প্রতিটি ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানান তিনি। বলেন, বাংলার যুবক কেন বাইরে যাবে? কেন কৃষক ন্যায্য দাম পাবে না? কেন সাধারণ মানুষ দুর্নীতির চাপে থাকবে?
এর পাশাপাশি কর্মীদের স্পষ্ট নির্দেশ—ঘরে ঘরে পৌঁছাও, মানুষের আস্থা জিতো, উন্নয়নের বার্তা ছড়াও। কারণ, “বুথ জিতলেই ভোট জিতবে”—এই মন্ত্রই সামনে রেখে এগোতে বললেন তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন বুথ কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতাও শোনেন মোদি। তাঁদের সংগ্রামকেই তিনি দলের আসল শক্তি বলে উল্লেখ করেন।
বার্তা একটাই—লড়াই শুরু বুথ থেকেই, আর সেই লড়াইই ঠিক করবে বাংলার ভবিষ্যৎ।


