দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবার যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ। এক অধ্যাপকের বিরুদ্ধে অন্তত ১০ জন পড়ুয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ক্যাম্পাসে।
অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের কোয়ার্টারে পড়ুয়াদের ডেকে আড্ডার আয়োজন করতেন অভিযুক্ত অধ্যাপক। সেখানেই একাধিক পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ এবং যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্লাস চলাকালীনও তিনি পড়ুয়াদের উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন বলে অভিযোগ।
প্রায় মাসখানেক আগে প্রথমবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আইসিসির কাছে অভিযোগ জমা পড়ে। এরপর একে একে আরও কয়েকজন পড়ুয়া এগিয়ে এসে একই ধরনের অভিযোগ করেন। তাঁদের মধ্যে কয়েকজন সিনিয়র পড়ুয়াও রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ফের নতুন করে অভিযোগ দায়ের হয়েছে।
বর্তমানে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে আইসিসি। তবে এই ইস্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া মেলেনি। উপাচার্য ধুলিপুদি পণ্ডিত জানিয়েছেন, তদন্তের দায়িত্ব আইসিসির এবং উপাচার্য সেই কমিটির অংশ নন। তাই তদন্ত চলাকালীন এ বিষয়ে তাঁর মন্তব্য করা সমীচীন নয়।
অন্যদিকে, অভিযুক্ত অধ্যাপক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে বলেও তিনি জানেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।


