তিন নাবালককে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা। সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক থেকে তিন নাবালক সহ গ্রেপ্তার পাঁচ। সোমবার রাতে নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাপ্পা চক্রবর্তী এবং পূর্ণা শর্মা। বাকিরা নাবালক। সকলের বাড়ি দার্জিলিং জেলায়। ধৃতদের কাছ থেকে ২২ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুরের আদালতে পাঠানো হয়। নাবালক ছেলেদের নিয়ে গাঁজা পাচারের চেষ্টা করেছিল বাপ্পা ও পূর্ণা। উত্তরবঙ্গের দিক থেকে গাঁজা গুলো নিয়ে এসে সামসেরগঞ্জে এসেছিল তারা। গোপনে খবর পেয়ে নতুন ডাকবাংলায় হানা দেন সামসেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ইনসান আলী। সন্দেহভাজন হিসাবে পাঁচজনকে আটক করতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে গাঁজা। গ্রেপ্তার করা হয় তাদের। ব্যস্ততম নতুন ডাকবাংলা মোড়ে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।


