বাংলায় ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’র সূচনা, প্রথম দফায় ১৮০০ পরিবারের হাতে সোলার প্যানেল ও ভর্তুকি

Spread the love

অবশেষে পশ্চিমবঙ্গে চালু হল কেন্দ্রের বহুল আলোচিত ‘প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফত বিদ্যুৎ যোজনা’। দীর্ঘদিন কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনের জেরে এই প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের বাসিন্দারা। মঙ্গলবার নবান্ন থেকে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে রাজ্যের ১,৮০০টি পরিবার এই প্রকল্পের সুবিধা পেল। তাঁদের বাড়িতে ইতিমধ্যেই সোলার প্যানেল বসানো হয়েছে এবং সরকারি ভর্তুকির টাকাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে।

২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। লক্ষ্য, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের বিদ্যুৎ বিলের বোঝা কমানো। প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের ভর্তুকিও মিলবে।

গত জুন মাসে নন্দীগ্রামে এক সভা থেকে শুভেন্দু অধিকারী মানুষকে এই প্রকল্পে আবেদন করার আহ্বান জানিয়েছিলেন। এরপর অনলাইন ও অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। মাত্র এক মাসের মধ্যেই প্রথম দফার ১,৮০০ উপভোক্তার বাড়িতে সোলার প্যানেল পৌঁছে যায় এবং তাঁদের অ্যাকাউন্টে ভর্তুকির অর্থও জমা পড়ে।

এদিন প্রকল্পের উদ্বোধনের পর কয়েকজন উপভোক্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের অনেকেই জানান, আগের সরকারের আমলে আবেদন করেও কোনও সুবিধা পাননি। নতুন করে আবেদন করার পর দ্রুত অনুমোদন মেলে এবং ভর্তুকির টাকাও সরাসরি অ্যাকাউন্টে জমা হয়।

মুখ্যমন্ত্রী জানান, ১ কিলোওয়াটের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *