২৭ জুলাই থেকে কলকাতা মেট্রোয় বড় বদল, সকাল ৬টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত পরিষেবা

Spread the love

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। আগামী ২৭ জুলাই থেকে ব্লু ও গ্রিন—দুই লাইনেই মেট্রো পরিষেবার সময় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) এবং হাওড়া ময়দান–সেক্টর ফাইভ (গ্রিন লাইন)—দুই রুটেই সোমবার থেকে শনিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায় এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

রবিবার ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়া রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত দুই লাইনের সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে।

যাত্রীদের অতিরিক্ত সুবিধা দিতে সোমবার থেকে শনিবার ব্লু লাইনে ১২টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। রবিবার বাড়বে আরও ৬টি মেট্রো। গ্রিন লাইনেও একইভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, কোভিড-পরবর্তী সময়ে মেট্রোর পরিষেবার সময় কমিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ব্লু লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ৫০ মিনিটে চলাচল করে। অন্যদিকে গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে ছাড়ে। দীর্ঘদিন ধরে পরিষেবার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা। অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিল মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে অফিসযাত্রীসহ সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *