রাজনীতির ময়দান থেকে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই নিজের আসন্ন স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর প্রথম ঝলক ভাগ করে নিলেন তিনি। প্রথম পোস্টেই ভালোবাসা, কর্তব্য, হারানোর যন্ত্রণা এবং জীবনে নিজের জায়গা খুঁজে পাওয়ার কথা তুলে ধরেছেন ৭৯ বছরের এই কংগ্রেস নেত্রী।
নিজের প্রথম পোস্টে সোনিয়া গান্ধী লেখেন, তাঁর এই স্মৃতিকথা ভালোবাসা, কর্তব্য, হারানো এবং আপন করে নেওয়ার অনুভূতি নিয়ে এক যাত্রার গল্প। পাঠকদের সঙ্গে বইটির এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে পেরে তিনি কৃতজ্ঞ বলেও জানান। এই সময় তাঁর পাশে ছিলেন বন্ধু মঞ্জু দুবে। পোস্টে মেয়ে তথা ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ছবিও নজরে এসেছে।
বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা তুঙ্গে। সেই প্ল্যাটফর্মেই এবার দেখা মিলল সোনিয়া গান্ধীর। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নিজেদের রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ এবং ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন। ফলে সোনিয়ার এই নতুন পদক্ষেপ ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে।
প্রচলিত রাজনৈতিক সভা, সাংবাদিক বৈঠক কিংবা দলীয় বিবৃতির বাইরে এখন সাধারণ মানুষের কাছে পৌঁছনোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সেই তালিকায় এবার যুক্ত হল সোনিয়া গান্ধীর নাম। তাঁর আসন্ন স্মৃতিকথায় জীবনের কোন কোন অভিজ্ঞতা উঠে আসে, সেদিকেই এখন নজর পাঠকদের।


