২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে তৈরি হল বড় প্রশ্ন। ধর্মতলা চত্বরে আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে এই সময়ের মধ্যে ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় কোনও সভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা বা ধরনা করা যাবে না। এর জেরে প্রতিবছরের মতো ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হওয়ার সম্ভাবনা কার্যত শেষ বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা। নির্দেশিকা অনুযায়ী, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের আওতাধীন এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ১৬৩ ধারার আওতায় আনা হয়েছে। যদিও বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
পুলিশের দাবি, এই এলাকায় বেআইনি জমায়েত হলে আইনশৃঙ্খলার অবনতি, যানজট এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, রাজনৈতিক সভা, মিছিল, বিক্ষোভ, পদযাত্রা, ধর্না করা যাবে না। লাঠি বা অন্য কোনও ধরনের অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নগরপাল অজয় নন্দা জানিয়েছেন, ১৬৩ ধারা বলবৎ থাকায় ধর্মতলা এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই নেই। কেউ অন্য কোনও জায়গায় সভা করতে চাইলে নিয়ম মেনে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকাতেই ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ করে আসছে তৃণমূল। কিন্তু এবার সেই সমাবেশকে ঘিরে দলের দুই শিবিরের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। দুই পক্ষই একই জায়গায় সভার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল। আবেদন জমা দেওয়ার পর কালীঘাট শিবিরের কয়েকজন নেতাকে রাস্তা মাপতে দেখা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে কুণাল ঘোষ, মালা রায়-সহ একাধিক নেতার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
এরই মধ্যে ধর্মতলায় টানা ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারি করায় ২১ জুলাইয়ের সমাবেশের ভেন্যু বদল প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এখন নজর, তৃণমূল বিকল্প হিসেবে কোন জায়গার জন্য পুলিশের কাছে আবেদন করে।


