নতুন তেলুগু ছবি মা ইন্টি বাঙ্গারাম-এর প্রচারে চেন্নাই সফরে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের সহ-অভিনেতার সঙ্গে দেখা করার সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে একটি দীর্ঘ আবেগঘন বার্তাও লিখেছেন তিনি।
সামান্থার কথায়, বিজয়কে তিনি কখনও শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখেননি। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ, ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বরাবরই ইঙ্গিত দিয়েছে যে তিনি আরও বড় কোনও দায়িত্ব পালনের জন্যই তৈরি।
অভিনেত্রী মনে করেন, জীবনের সবচেয়ে বড় সাহস হলো পরিচিত সাফল্যের জায়গা ছেড়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা। সেই সাহসই দেখিয়েছেন বিজয়। মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এসেছেন বলে বিশ্বাস সামান্থার।
তিনি আরও লেখেন, প্রত্যেক মানুষের জীবনেই এমন একটি সময় আসে, যখন নিজের সাফল্যের গণ্ডি ছাড়িয়ে সমাজের জন্য কিছু করার সুযোগ আসে। কিন্তু খুব কম মানুষই সেই ডাকের জবাব দেন। তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় আগামী দিনেও মানুষের প্রত্যাশার চেয়েও বেশি কিছু করে দেখাবেন।
পোস্টের শেষে বিজয়ের জন্য শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেছেন সামান্থা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখার এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মা ইন্টি বাঙ্গারাম সামান্থার দীর্ঘ বিরতির পর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। অন্যদিকে, অভিনয় ছেড়ে রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার পর এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়।


