রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সোমবার। তার আগে রবিবার কালীঘাটে দলের নেতাদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাজেট নিয়ে আগাম বিরোধিতার পথে হাঁটা যাবে না। আগে দেখতে হবে বাংলার জন্য কী ঘোষণা করা হচ্ছে, তারপর দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে মমতা বলেন, নতুন সরকার মাত্র ক্ষমতায় এসেছে এবং এটি তাদের প্রথম বাজেট। তাই শুরুতেই সমালোচনার পথে না গিয়ে সরকারের পরিকল্পনা ও ঘোষণাগুলি খতিয়ে দেখা উচিত। বিশেষ করে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জন্য কী ধরনের আর্থিক সহায়তা বা প্রকল্প আনা হচ্ছে, সেদিকে নজর রাখার নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, আগামী ২২ জুন বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকেই বাজেটে একাধিক বড় ঘোষণা ও ‘চমক’ থাকার ইঙ্গিত দিয়েছিল সরকার। ফলে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও বাজেট ঘিরে কৌতূহল তুঙ্গে।
এই আবহেই কালীঘাটের বৈঠকে বাজেট প্রসঙ্গ ওঠে। সূত্রের দাবি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও সিদ্ধান্ত বা ঘোষণার আগেই বিরোধিতা করলে তা মানুষের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে। বরং বাজেটের প্রতিটি দিক পর্যবেক্ষণ করে পরে প্রয়োজন হলে রাজনৈতিক ও নীতিগত সমালোচনা করা উচিত।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল নেতৃত্ব এখন আরও কৌশলী অবস্থান নিতে চাইছে। টানা ক্ষমতায় থাকার পর বিরোধী আসনে বসে দলকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। সেই কারণেই সরকারের প্রতিটি পদক্ষেপে তাৎক্ষণিক আক্রমণের বদলে পরিস্থিতি বিচার করে অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন মমতা।


