মায়ের কথাই শেষ কথা! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব, ২৪ জুন ত্রিপুরায় গ্র্যান্ড রিসেপশন

Spread the love

রাজনীতির ময়দানে লড়াই, সাংগঠনিক দায়িত্ব, নির্বাচন—সবকিছুর মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। দীর্ঘদিন একা থাকার পর দ্বিতীয়বার বিয়ে করলেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মায়ের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লব।

একসময় ব্যক্তিগত জীবনের ভাঙন তাঁকে বেশ আঘাত দিয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রাজনীতিকেই প্রায় পুরো সময় দিয়েছেন তিনি। তবে মা বারবার চেয়েছিলেন ছেলে আবার সংসারী হোক। শেষ পর্যন্ত সেই ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছেন বিজেপি নেতা। জানা গিয়েছে, তাঁর নতুন জীবনসঙ্গী হায়দরাবাদের বাসিন্দা। আগামী ২৪ জুন ত্রিপুরার একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে বিবাহোত্তর সংবর্ধনার।

ত্রিপুরার রাজনীতিতে বিপ্লব দেবের উত্থান ছিল নজরকাড়া। ২০১৬ সালে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর দলের সাংগঠনিক ভিত মজবুত করেন তিনি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলান বিপ্লব। ২০২২ সালে পদত্যাগের পর তাঁকে রাজ্যসভায় পাঠায় দল। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি।

রাজনীতিতে আসার আগে দিল্লিতে জিম ট্রেনার হিসেবেও কাজ করেছেন বিপ্লব দেব। সেখানেই তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল। পরে তাঁদের বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। প্রথম পক্ষের দুই সন্তান রয়েছে তাঁর।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও রাজনৈতিক ব্যস্ততা কমছে না বিজেপি নেতার। তবে এবার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আলোচনায় তাঁর দ্বিতীয় বিয়েও। ত্রিপুরার রাজনৈতিক মহল থেকে শুরু করে বিজেপির অন্দরে ইতিমধ্যেই শুভেচ্ছার বার্তা পৌঁছতে শুরু করেছে নবদম্পতির কাছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *