বাংলায় বিজেপি সরকারের সূচনার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তায় ভরপুর চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা সেই বাংলা চিঠিতে তিনি স্মরণ করলেন বাংলার গৌরবময় অতীত, স্বাধীনতা আন্দোলনে রাজ্যের ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনে মানুষের দেওয়া জনাদেশ।
চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার অবদান অনস্বীকার্য। তাঁর কথায়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের আত্মমর্যাদা ও দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল ‘বন্দে মাতরম’, আর সেই ধ্বনি প্রথম জোরালোভাবে উঠেছিল বাংলার মাটি থেকেই।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মোদি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এমন একটি রায় দিয়েছেন যা ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। রেকর্ড সংখ্যক ভোটার, বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, বাংলার মানুষ উন্নয়ন, সুশাসন ও নতুন সম্ভাবনার পক্ষে মত দিয়েছেন এবং রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
চিঠিতে বিশেষভাবে উঠে এসেছে জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামও। মোদির বক্তব্য, বাংলার এই জনাদেশ এমন এক সময়ে এসেছে যখন দেশ তাঁর ১২৫তম জন্মবার্ষিকী পালন করছে। তাই এই ঘটনাকে তিনি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।
‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি স্লোভাকিয়া সফরে গিয়ে তিনি স্থানীয় শিল্পীদের কণ্ঠে এই গান শুনেছেন। তাঁর মতে, এটি প্রমাণ করে যে গানটি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও সমানভাবে সমাদৃত।
চিঠির শেষাংশে বাংলার সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা ও সমাজজীবনে অবদান রাখা মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।


