১৫ আগস্ট শুধু দেশের স্বাধীনতার দিন নয়, মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা ঋষি অরবিন্দের জন্মদিনও। স্বাধীনতার ৮০তম বর্ষে সেই মনীষীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার সকালে স্বাধীনতা দিবসের কর্মসূচি শেষে বিকেলে শেক্সপিয়র সরণিতে ঋষি অরবিন্দের বাসভবনে পৌঁছন শুভেন্দু। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের স্বাধীনতা আন্দোলনে ঋষি অরবিন্দের অবদান এবং জাতীয়তাবাদী চেতনায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, স্বাধীনতার ইতিহাসে ঋষি অরবিন্দের মতো ব্যক্তিত্বদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। জাতীয়তাবাদী নেতাদের যথাযথ মর্যাদা দেওয়ার যে উদ্যোগ শুরু হয়েছে, তার জন্যই এই কৃতজ্ঞতা বলে জানান শুভেন্দু অধিকারী।


