বিয়ের রেশ কাটতে না কাটতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজকে ঘিরে নতুন জল্পনা। এবার আলোচনার কেন্দ্রে তাঁদের সম্ভাব্য হানিমুন ডেস্টিনেশন। আর সেই তালিকায় ভারতের কেরলের নাম তুলে দিয়েছে খোদ কেরল ট্যুরিজম।
পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনাল্ডো। প্রায় ন’বছরের সম্পর্কের পর তাঁদের এই নতুন অধ্যায় নিয়ে বিশ্বজুড়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তার মধ্যেই কেরল ট্যুরিজমের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।
তারকা দম্পতিকে উদ্দেশ্য করে কেরল ট্যুরিজমের তরফে হানিমুনের জন্য কেরল বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই পোস্ট ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশ্ন—সত্যিই কি এবার ‘গডস ওন কান্ট্রি’-তে পা রাখবেন সিআর সেভেন ও জর্জিনা?
কেরল অবশ্য এমন একটি জায়গা, যেখানে এক সফরেই পাহাড় থেকে সমুদ্র, চা-বাগান থেকে ব্যাকওয়াটার—সবকিছুর স্বাদ পাওয়া যায়। মুন্নারের সবুজ পাহাড় ও চা-বাগান যেমন পর্যটকদের টানে, তেমনই আলেপ্পির শান্ত জলপথ এবং হাউসবোটের অভিজ্ঞতাও আলাদা আকর্ষণ।
পশ্চিমঘাটের কোলে ইদুক্কি জেলার মুন্নার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। তিন নদী—মুথিরাপুঝা, নালাথান্নি ও কুন্দালার মিলনস্থল এই পাহাড়ি শহর। কুয়াশায় ঢাকা পাহাড় আর সবুজে ঘেরা পরিবেশ যে কোনও পর্যটকের কাছেই আকর্ষণীয়।
তবে এখনও পর্যন্ত রোনাল্ডো বা জর্জিনার তরফে কেরলে হানিমুনে আসার কোনও নিশ্চিত খবর নেই। আপাতত কেরল ট্যুরিজমের আমন্ত্রণকে ঘিরেই চলছে জোর আলোচনা। আমন্ত্রণে সাড়া দিয়ে সত্যিই যদি রোনাল্ডো-জর্জিনা কেরলে আসেন, তা হলে ভারতীয় পর্যটন মানচিত্রে নিঃসন্দেহে যোগ হবে আরও এক চমকপ্রদ অধ্যায়।


