আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই নির্মল ঘোষের নাম উঠে আসে বলে অভিযোগ।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রকাশ্যে নির্মল ঘোষের নাম উল্লেখ করে একাধিক প্রশ্ন তুলেছিলেন। তার কিছুদিনের মধ্যেই প্রাক্তন এই বিধায়কের গ্রেপ্তারিকে ঘিরে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
এখন তদন্তকারীদের নজর, অভয়ার দেহ সৎকারের ঘটনায় আর কারা জড়িত ছিলেন এবং কোনও প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কি না। নির্মল ঘোষের গ্রেপ্তারের পর সেই তদন্ত নতুন দিক পেতে পারে বলেই মনে করা হচ্ছে।


