প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে পার্কিংয়ে দাঁড়ানো তিনটি গাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত আটজনের, আহত বহু। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, চারদিকে হুড়োহুড়ি শুরু হয়।
ঘটনার পরই দিল্লি পুলিশের পাশাপাশি এনআইএ ও এনএসজি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জঙ্গি নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।
এই ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। লালবাজার থেকে সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। ইডেনে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। জানা গিয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে ইডেন। দর্শকদের দুই দফায় মেটাল স্ক্যানের মধ্যে দিয়ে যেতে হবে। গ্যালারিতে থাকবে সাদা পোশাকের পুলিশও।
ভারতীয় দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে, দক্ষিণ আফ্রিকা দল আসছে সন্ধ্যায়। নিরাপত্তার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে কোচ গৌতম গম্ভীরের কালীঘাট সফর। কলকাতা মেট্রো এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চলছে নাকা চেকিং ও টহল। পাশাপাশি রাজ্যের সব জেলা পুলিশ সুপারকেও সতর্ক করা হয়েছে।


