ইদের মঞ্চ থেকে অধিকার রক্ষার বার্তা মমতার, বিজেপি ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি

Spread the love

রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে বাংলার মানুষের অধিকার রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ব।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।” তিনি দাবি করেন, এসআইআর নিয়ে উদ্বেগের বিষয়টি জানাতে ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আশীর্বাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য সর্বশক্তিমান আশীর্বাদ দিচ্ছেন।” একইসঙ্গে তিনি জানান, সব ধর্মের মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে তাঁর সরকার।

এদিন কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দিওয়ালিতে রাম আছেন তো ইদে আছেন রহিম। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। বাংলার সম্প্রীতি অটুট থাকবে।”

রেড রোডের অনুষ্ঠান শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার লাল মসজিদেও যান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *