প্রথম দফার প্রচার শেষের পথে, দ্বিতীয় দফার আগে গতি বাড়াল তৃণমূল। রবিবার থেকেই কলকাতার কেন্দ্রগুলিতে জোর প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্র ভবানীপুরে নেমে সরাসরি জনসংযোগ সারলেন তিনি।
সন্ধ্যায় ৭০ নম্বর ওয়ার্ডের উত্তম উদ্যান এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মমতা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে একটাই বার্তা দেন—ভোটের লড়াইয়ে বিভাজন নয়, একজোট হওয়াই মূল শক্তি।
বক্তব্যে বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষের সমর্থন দেখেই কেন্দ্র ভয় পাচ্ছে। সেই কারণেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
সংসদের সাম্প্রতিক ঘটনাও টেনে এনে মমতার বার্তা, যেভাবে বিরোধীরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঠিক তেমনভাবেই বাংলাতেও ঐক্য গড়ে তুলতে হবে। তাঁর দাবি, বিজেপি এখন দুর্বল, তাই এই লড়াইয়ে জেতা সম্ভব।
ভবানীপুরে বারবার জয়ের রেকর্ড রয়েছে মমতার। তবুও কোনও ঝুঁকি না নিয়ে নিজেই মাঠে নেমে পড়েছেন। আগামী কয়েক দিনে একাধিক পথসভা ও রোড শো করার কথা রয়েছে তাঁর। রবিবারের এই ঘরোয়া প্রচার সেই বড় লড়াইয়েরই সূচনা।


