পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

Spread the love

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী।

আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আকাশ আরও পরিষ্কার হওয়ার পাশাপাশি কলকাতার তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। ফলে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘোরার ক্ষেত্রে বৃষ্টির বাধা অনেকটাই কমতে পারে।

উত্তরবঙ্গেও ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রবিবারও দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে অষ্টমী থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, একাদশী পর্যন্ত পাহাড়-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তুলনামূলক শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সব মিলিয়ে পুজোর গুরুত্বপূর্ণ দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা কমায় স্বস্তিতে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *