মদন মিত্রের ‘উদয় ভিলা’য় পুলিশের হানা, জমি দখলের অভিযোগে তল্লাশি ঘিরে চাঞ্চল্য

Spread the love

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশের অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে বারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল মদন মিত্রের ‘উদয় ভিলা’য় পৌঁছয়। ওই বাড়িতেই রয়েছে তাঁর রাজনৈতিক কার্যালয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রথমে বাড়িটি তালাবদ্ধ থাকায় কিছুটা সময় অপেক্ষা করতে হয় পুলিশকে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যে জমির উপর ‘উদয় ভিলা’ নির্মিত হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থার জমি। অভিযোগ, বহু বছর আগে ওই জমি দখল করে সেখানে বাড়ি ও অন্যান্য কার্যকলাপ শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, একসময় ওই এলাকায় মহিলাদের স্বনির্ভর প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হত। পরবর্তীতে সেই জমির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন তদন্ত ও রাজনৈতিক বিতর্কের আবহে এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিধায়কদের স্বাক্ষর-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতার বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তার আগেই মদন মিত্রের বাড়িতে পুলিশের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

তবে এই অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ বা মদন মিত্রের পক্ষ থেকে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *