গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনকে ঘিরে বড় চমক দিলেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার ছবি ‘বারাণসী’-র সেট থেকে প্রকাশ্যে এল প্রিয়াঙ্কার প্রথম ঝলক। ছবিতে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সেই লুক শেয়ার করে শুভেচ্ছা জানালেন মহেশ বাবু, এস এস রাজামৌলি, পৃথ্বীরাজ সুকুমার এবং ছবির টিম।
ছবির নায়ক মহেশ বাবু, যিনি ‘রুদ্র’ চরিত্রে অভিনয় করছেন, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার দুটি ছবি পোস্ট করে লেখেন, “Happy Birthday to the one and only Mandakini. Have the most amazing year ahead PC. Sending you lots of love and wishing you happiness always.”
রাজামৌলিও একই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “Grace when she smiles. Fire when she doesn’t.” আর ছবির প্রধান প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করা পৃথ্বীরাজ সুকুমারের শুভেচ্ছাবার্তা ছিল সংক্ষিপ্ত— “Happy Birthday Mandakini.”

অন্যদিকে, ‘বারাণসী’-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে প্রিয়াঙ্কার দুটি নতুন লুক। প্রথম ছবিতে কালো স্টাইলিশ পোশাকে তীক্ষ্ণ ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল টপ, শার্ট ও জিন্সে, যেখানে তাঁর হাসিখুশি মেজাজ নজর কেড়েছে। দুটি ছবিই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকরও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “Happy Birthday PC. Hope this year is your best one yet. You’re looking absolutely killer. Can’t wait to see more of the fire that’s in store.”
উল্লেখযোগ্য বিষয়, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির শেষে ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির এই আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চার ছবিতে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। ২০২৭ সালের ৭ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


