নিট (NEET) পরীক্ষাকে ঘিরে চলা বিতর্কে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে আবারও সরব হলেন গায়ক অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের মন্তব্যের কড়া জবাব দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
অরিজিৎ জানান, তাঁর শিক্ষার্থীদের সমর্থনের অবস্থান নিয়ে এক চিকিৎসক প্রশ্ন তোলেন এবং প্রসঙ্গ টেনে আনেন পরিবেশ ও গাছ কাটার বিষয়। এর জবাবে গায়ক লেখেন, এমন অপ্রাসঙ্গিক যুক্তিতে তিনি বিস্মিত। তাঁর মতে, একজন চিকিৎসকের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়; বরং এই বিষয়ে একজন মালি বা পরিবেশপ্রেমী আরও যুক্তিসঙ্গত উত্তর দিতে পারতেন।
এর আগেও নিট আন্দোলনকে সমর্থন করায় সোশ্যাল মিডিয়ার একাংশ অরিজিৎকে কটাক্ষ করে ‘দেশদ্রোহী’ ও ‘চিনের দালাল’ বলেও আক্রমণ করে। এক অনুরাগী শ্রদ্ধা হারানোর কথা জানালে, অরিজিৎ স্পষ্ট ভাষায় জানান— কে তাঁকে সম্মান করল বা না করল, তা নিয়ে তিনি চিন্তিত নন। তাঁর মতে, শিক্ষার্থীদের পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব এবং সেই অবস্থান থেকে তিনি সরে আসবেন না।
গায়কের বক্তব্য, কেউ চাইলে তাঁর গান শোনা বন্ধ করতে পারেন, কিন্তু শুধুমাত্র কারও পছন্দের জন্য তিনি নিজের মতামত পরিবর্তন করবেন না। তাঁর এই স্পষ্ট অবস্থান ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক।


