NTA-র ৪৭ আধিকারিককে সরাল কেন্দ্র

Spread the love

NEET প্রশ্নফাঁস বিতর্কে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ৪৭ জন আধিকারিককে একযোগে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হতে পারে বলে সূত্রের খবর। পরীক্ষা পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালে গঠিত NTA বর্তমানে NEET-UG, JEE Main, CUET-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে। NEET প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, পুরো ঘটনার তদন্ত করছে CBI এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের দাবি, NTA-র একটি বড় অংশের কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত থাকায় নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। সেই কারণেই এবার সংস্থার কাঠামো ও কাজের পদ্ধতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। লক্ষ্য, ভবিষ্যতে প্রশ্নফাঁসের ঝুঁকি কমিয়ে সম্পূর্ণ ‘লিকপ্রুফ’ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

এদিকে বৃহস্পতিবার রাতে এক্স (X)-এ প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের জন্য গভীর উদ্বেগের বিষয়। গত আড়াই মাসে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *